ফেসবুকের সাবেক নিরাপত্তা প্রধানকে নিয়োগ দিয়েছে জুম

৮ এপ্রিল, ২০২০ ২৩:৩৮  
ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা সমালোচনাকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। তারই প্রেক্ষিতে ফেসবুকের সাবেক নিরাপত্তা প্রধান অ্যালেক্স স্টামোসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স। নিয়োগের পাশাপাশি নিজেদের অ্যাপের প্রাইভেসি ও নিরাপত্তা উন্নত করতে একটি পরামর্শক বোর্ডও গঠন করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত কয়েক সপ্তাহ ধরে কোটি কোটি গ্রাহক জুম প্লাটফর্ম ব্যবহার করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো জুম ব্যবহার করে অনলাইন ক্লাস নিচ্ছে। তবে এরই মধ্যে অ্যাপটির নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রের বেশকিছু স্কুলে অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে। মূলত এন্ড-টু-এন্ড একক্রিপশন, চীন থেকে ট্রাফিক রাউটিং এবং বিনা আমন্ত্রণে অপরিচিত লোকেরা মিটিংয়ে জয়েন করা ‘জুমবোম্বিং’ এর মতো বিষয়গুলোতে বিপদের মধ্যে পড়েছে জুম। এই পরিপ্রেক্ষিতে জুম ৩০ দিনের একটি কর্মপরিকল্পনাও বাস্তবায়ন শুরু করেছে। নিরাপত্তা ও গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে এই কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। ডিবিটেক/বিএমটি